নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার উদযাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, কেক কাটা, ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, সুবর্ণজয়ন্তী মেলা, হাজার কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন, রক্তদান, বৃক্ষরোপণ, হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, আতশবাজি প্রদর্শন, দোয়া মাহফিল ইত্যাদি। আলোচনা সভায় বক্তারা অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানান। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
রাজশাহী : বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’ শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক আবদুল জলিল সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎ কুমার সাহা। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
খুলনা : সার্কিট হাউজ ময়দানে সাত দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন। মেলা প্রাঙ্গণে শিশুদের নিয়ে কেক কাটার পর বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, কেএমপির কমিশনার মাসুদুর রহমান ভূঞা, কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির ও সরদার মাহবুবার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। পরে ৫০টি জাতীয় পতাকা সংবলিত সুবর্ণজয়ন্তীর শোভাযাত্রা জেলার ৯ উপজেলা প্রদক্ষিণের উদ্দেশ্যে বের হয়।
বরিশাল : সকাল ৯টায় নগরের শহীদ সোহেল চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধা জানান। এরপরই বরিশাল সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
ময়মনসিংহ : সকালে সার্কিট হাউজ মাঠে বঙ্গবন্ধু ম্যুরালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পতাকাবাহী একটি ট্রাক র্যালি বের হয়।
গাজীপুর : সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে রাজবাড়ী মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ১০ দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়।
বাগেরহাট : সকাল সাড়ে ৭টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিনের সূচনা করে জেলা প্রশাসন। একই সময়ে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বাগেরহাট প্রেস ক্লাব ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
কিশোরগঞ্জ : সকালে শহরের মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত প্রতিকৃতিতে প্রথমে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন।
ফরিদপুর : সকাল ৯টার সময় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন শেষে ১০২ পাউন্ডের কেক কাটা হয়। পরে একই মঞ্চে শিশু সমাবেশ হয়।
জয়পুরহাট : সকাল ৮টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ প্রমুখ।
মাগুরা : সকাল ১০টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কু-ু, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর প্রমুখ।
নরসিংদী : সকালে জেলা পুলিশ লাইনসের মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। পরে শিশুদের নিয়ে কেক কাটা হয়। এ সময় জেলার বিভিন্ন স্কুলের চার শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
নাটোর : সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহম্মেদ প্রমুখ।
নীলফামারী : বাদ জোহর বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিব জামে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ মিলাদ ও দোয়া মহফিল। অনুষ্ঠানে সাধারণ মুসল্লিদের ঢল নামে। জেলা, পুলিশ ও পৌর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
পঞ্চগড় : সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাংসদ মোজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ।
লক্ষ্মীপুর : সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সিভিল সার্জন ডা. আহাম্মেদ কবির প্রমুখ।
এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উপজেলাগুলোসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের খবর পাওয়া গেছে।