টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল উদ্ধার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করটিয়া এলাকার একটি গুদাম ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় চাল ব্যবসায়ী শরৎ চন্দ্র সূত্রধরকে। তিনি শহরের কলেজপাড়ার সুবল সূত্রধরের ছেলে।
র্যাব-১২ সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় শরৎ চন্দ্রের টিনের গুদাম ঘর থেকে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল ও ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় তাকে। তিনি দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রান্তিক পর্যায় থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করে আসছিলেন।