দুই দল কিশোরের সংঘর্ষে আহত ১০

শেরপুরে দুই দল কিশোরের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গত বুধবার রাতে শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় নবারুণ পাবলিক স্কুলের সামনে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সবাই ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র।

আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে শহরের নারায়ণপুর এলাকার বাসিন্দা মহসিন কবির মুরাদের ছেলে এমরুল কায়েস ত্বাহা (১৪) ও শ্রীবরদী উপজেলার রিসালাত আহমেদ রুকন (১৫)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।

জানা গেছে, বুধবার রাত সোয়া ৮টার দিকে ওই স্কুলে কোচিং শেষে বাড়ি ফিরছিল ত্বাহা ও রুকনসহ তাদের সহপাঠীরা। স্কুল থেকে বের হয়ে মূল সড়কে আসতেই পেছন থেকে একদল তরুণ সবাইকে আক্রমণ করে। এতে ওই দুজনসহ ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাঠিসোঁটা উদ্ধার করে। সন্দেহজনক কয়েকজনের বাসাতেও হানা দেয় পুলিশ।

আক্রান্ত দুজন ও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা নবারুণ পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র এবং তারা শেরপুর সরকারি কলেজসহ ঢাকার বিভিন্ন কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে কেউ স্পষ্ট করে বলতে পারছে না। একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনায় সিগারেট খাওয়া এবং প্রেমঘটিত বিষয় থাকতে পারে।

নবারুণ পাবলিক স্কুলের চেয়ারম্যান আনোয়ারুল হাসান উৎপল জানান, আক্রান্ত ত্বাহা জানিয়েছে হামলাকারীদের মধ্যে জয় বিজয় নামে দুজনকে চিনতে পেরেছে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মনসুর আহম্মেদ বলেন, ঘটনায় জড়িত বেশ কয়েকজনের নাম-ঠিকানা পাওয়া গেছে।