ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

ঢাকার উপকণ্ঠে সাভারের আশুলিয়ায় দশম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে পোশাক পরিবর্তনের সময়ের ভিডিও অনলাইনে ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রনি (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রনি আশুলিয়ার নিরিবিলি স্বপ্নবিলাস এলাকার বাসিন্দা। সে মেয়েটির বড় ভাইয়ের বন্ধু।

অভিযোগে বলা হয়েছে, প্রায় বছরখানেক আগে পোশাক পরিবর্তনের সময় রনি গোপনে ওই শিক্ষার্থীর ভিডিও ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। এ ছাড়া মেয়েটির কাছ থেকে বিভিন্ন সময় বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। ওই স্কুলছাত্রীর অভিযোগ, স্থানীয় মাতবররা তার খালুকে বিষয়টি মীমাংসার জন্য চাপ প্রয়োগ করছেন।

আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।’