করোনায় দেশ টানা তিন দিন মৃত্যুশূন্য

টানা তৃতীয় দিনের মতো দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত বুধ ও মঙ্গলবারও ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। এর আগে গত ৯ ডিসেম্বর কোনো মৃত্যু হয়নি। অর্থাৎ প্রায় তিন মাস পর গত ১৫ মার্চে প্রথম করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু ছিল না। তবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ও শনাক্ত হার আগের ২৪ ঘণ্টার তুলনায় কিছুটা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ২৩৩ জনের। গত বুধবার ১৮২ জন শনাক্ত হয়েছিল। এর আগের দিন মঙ্গলবার রোগী শনাক্ত হয়েছিল ২১৭ জন। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ এবং মারা গেছে ২৯ হাজার ১১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, নতুন রোগীর পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৫২টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৯১টি। এ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৪২৩টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ। এর আগের দিন গত বুধবার এ হার ছিল ১ দশমিক ৩৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৯৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা আক্রান্তের ৮৪ শতাংশের বেশি। দেশের ৩৯ জেলায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি। সর্বনিম্ন একজন করে ১০ জেলায়, সাত জেলায় দুজন করে, গাজীপুর ও ঝিনাইদহ জেলায় তিনজন করে, সিলেট জেলায় একজন, গোপালগঞ্জে সাতজন এবং আটজন রোগী শনাক্ত হয়েছে ফরিদপুরে।