সাপ্তাহিক ছুটি ও যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পন্টুন সংকটের কারণে পাটুরিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, বৃহস্পতিবার থেকে টানা ছুটির কারণে যানবাহনের চাপ বেড়েছে ঘাট এলাকায়। গতকালের নৈশকোচ ফেরি পারাপার করা গেলেও পণ্যবাহী ট্রাক পারাপার করানো যায়নি শুক্রবারও। এর সঙ্গে নদীর পানি অতিরিক্ত কমে যাওয়ায় পন্টুন নিচু হয়ে গেছে। এতে ফেরি লোড-আনলোড করতে অতিরিক্ত ২০-৩০ মিনিট সময় লাগছে। যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট যানবাহনের সঙ্গে পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। সকাল থেকে ছোট-বড় মিলে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।
মানিকগঞ্জের ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুয়ায়ী, শুক্রবার দুপুর ১২টার দিকে ঘাটে ব্যক্তিগত ও যাত্রীবাহী বাস মিলে শতাধিক এবং দুই টার্মিনাল, মহাসড়ক ও উথুলি সংযোগ মোড় মিলে ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। সকালে ছোট যানবাহন ও বাসের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সব বাহনের সংখ্যা বাড়ছেই। এর ফলে পাটুরিয়া প্রান্তে দীর্ঘ হচ্ছে জট।