রংপুরের মিঠাপুকুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ি ভাবনা পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন বড়দড়গাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহন নামের বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক ও বাসের এক যাত্রী মারা যান। আহত হন আরও ছয়জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়।