নাটোর কারাগারে হত্যা মামলার এবং মাদক মামলার দুই কয়েদির মৃত্যু হয়েছে।
একজন বৃহস্পতিবার রাত ৮টার দিকে অসুস্থ হলে নাটোর সদর হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় এবং অন্য কয়েদি শুক্রবার ভোরে বুকে ব্যথাসহ হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নাটোর জেলা কারাগার সূত্র জানায়, গত ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের ওসমান শেখের সাজা হয়ে ওই দিন থেকেই ওসমান নাটোর জেলা কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে, হত্যা মামলার বিচারাধীন হাজতি আনছের শেখ শুক্রবার ভোরে হঠাৎ বুকে ব্যথা নিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। আনছের আলী পাবনা জেলার বাসিন্দা।
নাটোর জেল সুপার আব্দুর রহিম জানান, ‘কয়েদি ওসমান গণি হেরোইন সেবী ছিল। তাকে কারাগারে আনার পর থেকে নেশার জন্য ছটফট করছিল। এরই মধ্যে বৃহস্পতিবার স্ট্রোক করে। অসুস্থ অবস্থায় রাতে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এ ছাড়া হাজতি আনছের শেখ বুকে ব্যথা অনুভব করলে তাকেও হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।’