শ্রীপুরে ‘কিশোর গ্যাংয়ের’ গুলিতে ছাত্রলীগ কর্মী আহত

গাজীপুরের শ্রীপুরে একটি কিশোর গ্যাংয়ের গুলিতে আহত হয়েছেন এক ছাত্রলীগ কর্মী। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

শুক্রবার রাত পৌনে নয়টার দিকে পৌর শহরের ৮নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খ- গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহত ছাত্রলীগ কর্মীর নাম মো. শিহাব হাসান (২২)। তিনি ওই এলাকার কনজ্যুমার পণ্য ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। শিহাব উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী।

খবর পেয়ে স্বজনরা স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মীকে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাত দশটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রলীগ নেতাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্বজনরা জানান, মাদকসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদ করাতেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কিশোরের দল এ কাণ্ড ঘটিয়েছে।

স্থানীয়রা দাবি করেন, বহুদিন ধরেই রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় এলাকায় কিশোর গ্যাংয়ের বেশ কটি দল নানা অপরাধ করে যাচ্ছে। চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে আছে কিশোর গ্যাংয়ের কয়েকটি দল। মাঝে মধ্যেই নিজেদের আধিপত্য বিস্তারে সংঘাতে জড়িয়ে পড়ে এরা।

অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা হল- মুলাইদ মাটির মসজিদ মোড় এলাকার রুবেল (১৮), ইমরান (১৯), সাব্বির (১৯) ও মোবারক (১৭)। অপরদিকে কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার আল আমীন (২০)। এরা সবাই মাদক সেবন, কেনাবেচা অস্ত্রবাজি, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।

গুলিবিদ্ধ শিহাবের সহপাঠী সাগর আহমেদ বলেন, শবে বরাত উপলক্ষে শিহাবসহ আমরা কয়েকজন বাড়ির কাছে একটি মসজিদে যেতে বের হয়েছিলাম। পরে বাড়ির একটু সামনের সড়কে উঠতেই আগে থেকে ওঁতপেতে থাকা রুবেল ও ইমরান বাহিনী আচমকা গুলি ছোড়ে শিহাবের ওপর।

গুলিবিদ্ধ শিহাবের চাচা জাহিদুল আলম জাহিদ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে করা হয়েছে। হার্টের খুব কাছেই গুলির অবস্থান বলে চিকিৎসক জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে অপারেশন করতে হবে। তবে বেশ ঝুঁকিপূর্ণ অপারেশন এটি বলে ডাক্তার জানিয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শবে বরাতের নামাজের জন্য বের হলে শিহাব নামে একজন গুলিবিদ্ধ হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই পক্ষ দীর্ঘদিন দ্বন্দ্ব বাঁধিয়ে রেখেছে।

ওসি আরও বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে তবে কাউকে পাওয়া যায়নি।

তিনি বলেন, শিহাব নিজেও মাদকাসক্ত।

এরা কিশোর গ্যাংয়ের সদস্য কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সবাই বয়স্ক। কেউ কিশোর বলে আমারে মনে হয় না। এলাকায় কোনো কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য নাই বলে এ পুলিশ কর্মকর্তা জানান।