ভারতকে হারিয়ে মেয়েদের দলগত রিকার্ভেও সোনা জিতল বাংলাদেশ

আর্চারিতে আরেকটি সুখবর পেল বাংলাদেশ। থাইল্যান্ডে রিকার্ভ মিশ্র দ্বৈতের পর মেয়েদের দলগত বিভাগেও ভারতকে হারিয়ে সোনা জিতেছে নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা ও দিয়া সিদ্দিকীকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

শনিবার থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) মেয়েদের দলগত রিকার্ভে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে কাজাখাস্তান। স্বাগতিক থাইল্যান্ডকে ৬-০ ব্যবধানে হারায় তারা। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৫-১ সেট পয়েন্টে হেরেছিল কাজাখাস্তান।

এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত দুটি সোনা জিতেছে বাংলাদেশ। মেয়েদের দলগত বিভাগে সোনা জেতার ঘণ্টাখানেক আগে ভারতের জুটিকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতের সোনা জেতেন বাংলাদেশের দুই আর্চার রোমান সানা-নাসরিন আক্তার জুটি। এই ইভেন্টে বোঞ্জ জেতে মালয়েশিয়া।

আরও একটি সোনা জয়ের সুযোগ রয়েছে নাসরিনের। এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানের মেয়েদের রিকার্ভের এককের ফাইনালের আগেই সোনা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। যেখানে নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশের আরেক আর্চার দিয়া সিদ্দিকী।