পুরস্কার জিতেছে জগন্ময় পালের ‘বিচ্ছেদ’

১০ম লিবারেশন ডকফেস্টে জাতীয় পর্যায়ে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের নির্মাতা জগন্ময় পালের ‘বিচ্ছেদ’ (দ্য রিভ্যাম্প) ।

গত ১১-১৫ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে উৎসবটি অনুষ্ঠিত হয়। অনলাইনে রেজিস্ট্রেশনের পাশাপাশি সশরীরে চলচ্চিত্র উপভোগ করেন চলচ্চিত্রপ্রেমীরা। উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৩টি ক্যাটাগরিতে মোট ৬টি  প্রামাণ্য চলচ্চিত্রকে পুরস্কার প্রদান করা হয়। ১৯৬টি দেশ থেকে প্রায় ২২০০টি প্রামাণ্য চলচ্চিত্র জমা পড়ে, যার মধ্য থেকে ৪০টি দেশের ১৪০টি প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে আয়োজিত হয় ১০ম লিবারেশন ডকফেস্ট।

বিজয়ীদের সনদ ও ক্রেস্টের পাশাপাশি সেরা চলচ্চিত্র নির্মাতাকে এক হাজার ডলার (আন্তর্জাতিক) ও এক লক্ষ টাকা (জাতীয়) পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন চিত্রগ্রাহক আফজাল চৌধুরী। অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলি, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, মুফিদুল হক এবং উৎসব পরিচালক তারেক আহমেদ।