নদীতে গোসলে নেমে ৩ স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহী ও সিরাজগঞ্জে নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়। এসব ঘটনায় আরও এক ছাত্র নিখোঁজ রয়েছে।

রাজশাহী নগরীর বড়কুঠি পদ্মা গার্ডেন এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিরব (১৪) ও শাহিন (১৭) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিরব বড়কুঠি এলাকার সারিফ উদ্দিনের ছেলে এবং রাজশাহী নগরীর লোকনাথ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। শাহিন একই এলাকার মো. শাহিদের ছেলে এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

রাজশাহী নগরের নৌপুলিশ ফাঁড়ির ইউনিট প্রধান ওবাইদুল হক বলেন, শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে নামে ৮/১০ বন্ধু। এদের মধ্যে সাজেদ নামে একজন পানিতে তলিয়ে যেতে থাকলে নিরব ও শাহিন এগিয়ে যায়। সাজেদকে উদ্ধার করা গেলেও নিরব ও শাহিন পানিতে তলিয়ে যায়। অন্যদিকে সিরাজগঞ্জ শহরের পুরাতন জেলখানা ঘাট এলাকায় যমুনা নদীতে গোসলে নেমে সঞ্জিত কর্মকার (১৫) নামে এক স্কুলছাত্র নিহত ও সকাল সূত্রধর (১৪) নামে অন্যজন নিখোঁজ হয়েছে। এসএসসি পরীক্ষার্থী সঞ্জিত কর্মকার শহরের গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে এবং সকাল সূত্রধর একই এলাকার কালু সূত্রধরের ছেলে ও দশম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দোল উৎসবের খেলা শেষে দুপুরে ৮/৯ জন স্কুলছাত্র নৌকা নিয়ে যমুনা নদীর চরে বেড়াতে গিয়ে গোসল করতে নামে। এক পর্যায়ে তাদের চারজন পানিতে ডুবে গেলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করেন। বিকেলে ডুবুরির দল একজনকে উদ্ধার করে। নিখোঁজ সকালকে উদ্ধারের চেষ্টা চলছে।