চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে রিমন (১১) নামে এক শিশু আহত হয়েছে। ইমন শিবগঞ্জ পৌরসভার চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে ও আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
গত শুক্রবার বিকেলে শিবগঞ্জ স্টেডিয়াম রোড সংলগ্ন একটি আমবাগানে এ ঘটনা ঘটে। আহত শিশুর মা শিউলি বেগম জানান, দুপুরের খাবার খেয়ে রিমন শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন পশ্চিম দিকের আমবাগানে গাছের পাতা ও ডালপালা কুড়াতে যায়। এ সময় সে একটি পরিত্যক্ত ককটেল দেখে পা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে রিমনের শরীরের বিভিন্ন স্থান জখম হয়।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বাগানে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত রিমনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, উপজেলা আওয়ামী লীগ ও তাঁতী লীগ একই স্থানে কর্মসূচি ডাকায় গত বৃহস্পতিবার শিবগঞ্জ স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছিল উপজেলা প্রশাসন।