সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৩৮ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইাগাররা।

রবিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে নেবে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো দ. আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা।

এর আগে তামিম ইকবালের নেতৃত্বে সেঞ্চুরিয়নে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম জয়ের মুখ দেখে সফরকারী দল। দ্বিতীয় ওয়ানডেতে অপরিবর্তিত একাদশ মাঠে নামাচ্ছে বাংলাদেশ।

তবে সিরিজ বাঁচাতে একাদশে তিন পরিবর্তন এনেছে দ. আফ্রিকা। ফিরেছেন উইকেটরক্ষক কুইন্টন ডি কক, ওয়েন পারনেল ও তাব্রাইজ শামসি। বাদ পড়েছেন এইডেন মার্করাম, মার্কো জানসেন ও আন্দিলে ফেহলুকায়ো।

স্তন ক্যানসারের সচেতনতার জন্য আজ পিংক কালারের জার্সি পরে মাঠে নামবে দ. আফ্রিকানরা। তবে টাইগার  অধিনায়ক তামিমের ৩৩তম জন্মদিনে তাকে জয় উপহার দিতে প্রস্তুত সতীর্থরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, কাইল ভেরেন্নে (উইকেটরক্ষক), কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ‍লুঙ্গি এনগিদি, ওয়েন পারনেল, তাব্রাইজ শামসি।