দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর দুই বছরের কারাদণ্ড হয়েছে।
রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ বলেন, সম্পদের বিবরণী দাখিল না করায় দুদকের করা মামলায় মুফতি ইজাহারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড।
আদালত সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ থাকায় বিবরণী জমা দিতে মুফতি ইজাহারকে ২০১৩ সালের ৪ জুলাই নোটিশ ইস্যু করা হয়। তা গ্রহণ না করায় একই বছরের ৭ জুলাই দুদকের কর্মকর্তারা লালখান বাজার মাদ্রাসায় গিয়ে নোটিশ ঝুলিয়ে দেন। এরপরও বিবরণী না দেওয়ায় ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করে দুদক।
২০১৪ সালের ২১ এপ্রিল মামলায় অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম অঞ্চল-১-এর উপপরিচালক এইচ এম আক্তারুজ্জামান।
২০১৪ সালের ১২ মে মুফতি ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দেন।