এএইচএফ কাপ

ওমানকে হারিয়ে টানা চতুর্থবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে টানা চতুর্থবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে ওমানকে পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে হারিয়েছে রাসেল মাহমুদ জিমি–আশরাফুল ইসলামরা।

রবিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় জেবিকে হকি ফিল্ডে আসরের ফাইনালে শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফিরে ওমান। পরের দুই কোয়ার্টারে কেউ গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্যের এই খেলায় শেষ হাসি হাসল বাংলাদেশ। এর আগে দুই দল নির্ধারিত সময় পর্যন্ত সমতায় ছিল ১-১ ব্যবধানে।

এএইচএফ হকি কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। তার আগে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। এরপর সিঙ্গাপুরকে ৭-০, ইরানকে ৬-২ এবং ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।