ফরিদপুরের আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়

ক্লাস শুরু হতেই পরীক্ষা নেপথ্যে ফি!

পরিপূর্ণভাবে ক্লাস শুরু হতে না হতেই পরীক্ষার ধকলের মধ্যে পড়েছে ফরিদপুরে শহরের আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা। গতকাল রবিবার থেকে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে শুরু করে দশম শ্রেণির ছাত্রীদের সব বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ ঘটনায় কোনো কোনো অভিভাবকের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, করোনা মহামারীর প্রাদুর্ভাব কমে আসায় বিদ্যালয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে সীমিতভাবে পাঠদান শুরু হয়। ওই সময় সপ্তাহে এক দিন করে বিভিন্ন শ্রেণির পাঠদান শুরু হয়। পরিপূর্ণ পাঠদান শুরু হয়েছে ১৫ মার্চ থেকে। ১৫ মার্চ পূর্ণাঙ্গ ক্লাস শুরু হলেও শিক্ষার্থীরা ১৫ ও ১৬ এই দুই দিন বিদ্যালয়ে পাঠ নেওয়ার সুযোগ পেয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরদিন ছিল শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন। শনিবার পবিত্র শবেবরাতের জন্য বন্ধ ছিল। এখন সব ক্লাসে প্রতিটি বিষয়ে নেওয়া হচ্ছে পরীক্ষা। এ বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়নুল আবেদীন বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পড়াশোনা থেকে বাইরে রয়েছে। করোনাকালীন আমরা শিক্ষার্থীদের সিলেবাস দিয়েছি। শিক্ষার্থীদের এভাবে বিশেষ প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আমরা অনেক আগেই নিয়েছি। মূলত শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনা ও বইমুখী করার জন্য বিদ্যালয় এ প্রস্তুতিমূলক পরীক্ষা নিচ্ছে।

তিনি দাবি করেন, কয়েকজন অভিভাবক তার বিরোধিতা করছেন, তারাই বিষয়টিকে জটিল করে তুলছেন।

জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষালের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিশেষ পরীক্ষার ক্ষেত্রে ফি নেওয়ার সুযোগ নেই। আদর্শ বালিকা বিদ্যালয়ের সব শ্রেণির সব বিষয়ের পরীক্ষা নেওয়ার খবর তিনি জানেন না। ওই বিদ্যালয়ের কোনো অভিভাবক এ ব্যাপারে তার কাছে কোনো অভিযোগও করেননি।