বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘পণ্য নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী মজুদসহ কোনো রকম কারসাজি করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। রমজান মাসে মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পায়, সে জন্য প্রধানমন্ত্রী ভর্তুকি দিয়ে মানুষকে পণ্য সহায়তা দিচ্ছেন।’ গতকাল রবিবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহায়তায় স্থানীয় জনসংখ্যা, দারিদ্র্যের সূচক বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। সুশৃঙ্খলভাবে পণ্য বিক্রির জন্য দেশব্যাপী তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই কিস্তিতে ১ কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি করবে। প্রথম কিস্তিতে গতকাল ২০ মার্চ থেকে সারা দেশে একযোগে ৩০ মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তিতে ৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ পণ্য বিক্রি করবে টিসিবি। ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এ জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রতিটি পরিবারকে ২ লিটার সয়াবিন তেল, প্রতি লিটার ১১০ টাকা দরে, ২ কেজি চিনি ৫৫ টাকা দরে, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে এবং ২ কেজি ছোলা ৫০ টাকা দরে দেওয়া হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান বলেন, রংপুর সিটি করপোরেশন এলাকাসহ মোট ৩টি পৌরসভা ও ৮টি উপজেলার ২ লাখ ৮৩ হাজার ৩১২ পরিবার উপকারভোগীর তালিকায় রয়েছে। এসব এলাকায় ১৩৫ জন ডিলারের মাধ্যমে ২২২টি কেন্দ্রে এসব পণ্য বিক্রি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলীসহ অন্যান্য নেতা।