চলতি বছরে দুর্দান্ত ফর্মে আছেন উসমান খাজা। অ্যাশেজ দিয়ে গত জানুয়ারিতে প্রায় দুই বছরের বেশি সময় পর দলে ফিরেছিলেন তিনি।
এরপর সিডনিতে ফেরার মঞ্চ রাঙালেন ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরিতে। পাকিস্তান সফরেও হাসছে খাজার ব্যাট। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে তিন রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন তিনি।
সেই কষ্ট খাজা লাঘব করেন করাচিতে। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৪ রানের ইনিংস। লাহোর টেস্টেও পাকিস্তানিদের মাথা ব্যাথার কারণ হলো খাজার ব্যাট।
কিন্তু এবারও তার সঙ্গী হলো আক্ষেপ। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে ফের নড়বড়ে নব্বইয়ে ফিরলেন খাজা। সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে সাজিদ খানের বলে সাজঘরে ফেরেন তিনি। তার ২১৯ বলের মাটি কামড়ানো ৯১ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ১ ছয়ে।
সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথম ইনিংসের শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ৮ রানে ওপেনার ডেভিড ওয়ার্নার (৭) ও মার্নাস লাবুশানেকে ফেরান পেসার শাহীন আফ্রিদি।
এরপরই খাজা-স্টিভেন স্মিথের প্রতিরোধ। দুজনে গড়েন ১৩৮ রানের জুটি। স্মিথ ব্যক্তিগত ৫৯ রানে নাসিম শাহর এলবিডব্লিউর ফাঁদে পড়েন। চতুর্থ উইকেট হিসেবে আউট হন খাজা।
তৃতীয় সেশনে নাসিমের দ্বিতীয় শিকার হিসেবে বিদায় নেন ট্রাভিস হেড (২৬)। তবে দিনের বাকি ৭ ওভার সামাল দেন দুই অপরাজিত ব্যাটার ক্যামেরুন গ্রিন (২০) ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি (৮)। ৫ উইকেটে ২৩২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে সফরকারীরা।
সিরিজের প্রথম দুই টেস্টই ড্র হয়েছিল।