আরো একবার সেঞ্চুরির কাছে গিয়ে থামলেন নাঈম ইসলাম। রকিবুল হাসান তুলে নিলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। পরে লিজেন্ডস অব রূপগঞ্জের অভিজ্ঞ দুই ক্রিকেটারকেই ছাপিয়ে গেলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তরুণ ব্যাটার শাহাদাত হোসেন। যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দিনে প্রাইম ব্যাংক পেল দারুণ এক জয়।
ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে সোমবার ৪ উইকেটের জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। সাভারের বিকেএসপির চার নম্বর ক্রিকেট গ্রাউন্ডে ২৬৬ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে দলটি।
ওপেনার শাহাদাত ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয়ের সঙ্গে ১২৫ রান যোগ করেন তিনি। এনামুল ৬৭ বলে ৫৩ রানে ফেরেন। তবে শাহাদাত একপ্রান্তে অবিচল ছিলেন। শুধু সেঞ্চুরি তুলে নেওয়াই নয়, একেবারে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ১৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস।
রূপগঞ্জের পক্ষে নাবিল সামাদ ৩টি এবং সঞ্জিত সাহা ২ উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রূপগঞ্জের শুরুটা ছিল একেবারেই বাজে। ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর ২০০ রানের জুটি উপহার দেন নাঈম ও রকিবুল। নাঈম সেঞ্চুরির কাছে গিয়ে ফিরে যান। ১০৯ বলে ৯১ রান করেন তিনি ৬ চার ও ৪ ছক্কায়। এ নিয়ে টানা তিন ম্যাচে নব্বইয়ের ঘরে আউট হলেন এই অলরাউন্ডার।
তবে সেঞ্চুরি তুলে নেন রকিবুল। ৪৬তম ওভারে অলক কাপালির শিকার হন তিনি। ১২৫ বলে ১২১ রান করেন তিনি ৯ চার ও ৪ ছক্কায়। শেষ দিকে মাশরাফী বিন মোর্ত্তজা ১৪ বলে অপরাজিত ১৯ রান করেন। সুবাদে ৫ উইকেটে ২৬৫ রানের পুঁজি গড়ে দলটি।
ম্যাচসেরা হয়েছেন শাহাদাত। প্রাইম ব্যাংক এ নিয়ে তিন ম্যাচের সব কটিতেই জিতল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। রূপগঞ্জের এটি দ্বিতীয় হার। ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা।
বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে সিটি ক্লাবকে ১১১ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। ঢাকার ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে খেলাঘরকে ৮৬ রানে হারিয়েছে গাজী গ্রুপ।