লালমনিরহাটের আদিতমারীতে এক মুক্তিযোদ্ধার স্ত্রী ও নাতির ওপর হামলা চালিয়ে তাদের জখম করেছে প্রতিবেশীরা। গতকাল সোমবার সকালে উপজেলার মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন প্রয়াত মুক্তিযোদ্ধা কাজী জাফর আলী মোল্লার স্ত্রী আনজুমান আরা মোল্লা ও নাতি ফাহাদ বিন ফেরদৌস মীম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আনজুমান আরা মোল্লার ছেলে লিটন মোল্লা বলেন, সোমবার আমার মা তার নাতি ফাহাদ বিন মীমকে নিয়ে বাড়ির অদূরে আমাদের বাঁশঝাড় দেখে ফেরার পথে একই এলাকার নুরুল হুদা, তার দুই ছেলে আলীমুল হক ও আইনুল হক তাদের জমির আল দিয়ে বাঁশঝাড়ে যেতে নিষেধ করেন ও হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন। এর প্রতিবাদ করলে তারা মাকে পিটিয়ে ও ফেরদৌস মীমকে কুপিয়ে আহত করে। এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ দিয়েছি। এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি।