ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সিটি ক্লাবকে ১১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার টস হেরে ব্যাট করতে নেমেছিল আবাহনী। শামীম হোসেনের ঝোড়ো সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩০৯ রানের বড় পুঁজি গড়ে দলটি। জবাব দিতে নেমে আরাফাত সানির স্পিন ঘূর্ণিতে ৮ ওভার বাকি থাকতেই ১৯৮ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব।
তৃতীয় রাউন্ডের ম্যাচ হলেও আবাহনীর এটি ছিল দ্বিতীয় ম্যাচ। হার দিয়ে লিগ শুরু করা দলটির এবারের আসরে এটি প্রথম জয়। সিটি ক্লাব তিন ম্যাচের তিনটিতেই হারল।
প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী শুরুতেই ওপেনার মুনিম শাহরিয়ারকে (৩) হারায়। তবে আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ও তৌহিদ হৃদয় তৃতীয় উইকেটে ৭৭ রান যোগ করেন। নাঈম ৫১ বলে ৩৭ ও হৃদয় ৭১ বলে ৪৬ রান করেন।
পরে শামীম হোসেন ও জাকের আলির ব্যাটে ভর করে তিন শ ছাড়ানো পুঁজি গড়ে আবাহনী। শামীম ৬৬ বলে ১৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ১০৮ রান করেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। জাকের ৫৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন।
জবাব দিতে নেমে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সিটি ক্লাব। পঞ্চম উইকেটে আশিক উল আলম ও মইনুল সোহেল ১১৬ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। তবে পেরে ওঠেনি দলটি।
মোসাদ্দেক হোসেনের শিকার হওয়া মইনুল ৭১ বলে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন। তার ইনিংসে ছিল ৮ চার ও ২ ছক্কা। আশিক ৯৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন।
আরাফাত সানি ১০ ওভার বল করে ৩৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাঁহাতি এই স্পিনারের এটি পঞ্চম পাঁচ উইকেট। ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচসেরা হয়েছেন সানি।
আরো পড়ুন