মা হচ্ছেন সোনম কাপুর

গতকাল সকাল বেলাতেই সুসংবাদ জানিয়েছেন বলিউডের স্টাইল আইকনখ্যাত অভিনেত্রী সোনম কাপুর। তিনি মা হতে যাচ্ছেন। কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সোনম চার মাসের অন্তঃসত্ত্বা। আগামী আগস্ট মাসে কাপুর পরিবারে আসছে নতুন সদস্য। এরই মধ্যে বেশ কিছুদিন তাকে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি, এর অন্যতম কারণ এটাই। বন্ধু ও স্বজনদের অনেকেই এ নিয়ে কানাকানি করেছেন, কিন্তু মুখ বন্ধ রেখেছিলেন সোনম। ২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজা। গতকাল সকালে সাদাকালো কয়েকটি ছবি পোস্ট করে নিজের বর্তমান অবস্থার জানান দিয়েছেন সোনম। সেখানে দেখা যাচ্ছে, স্বামী আনন্দের কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। দুজনে আগলে রেখেছেন সোনমের গর্ভ। সোনম সে ছবির সঙ্গে লিখেছেন, ‘চারটি হাত। তোমার যতটা সম্ভব মঙ্গলের জন্য বাড়িয়ে দিয়েছি।’ ই-টাইমস জানাচ্ছে, আগস্টের তৃতীয় সপ্তাহে তাদের সন্তান ভূমিষ্ঠ হবে। এর আগে বেশ কবার গুঞ্জন ছড়িয়েছিল যে সোনম হয়তো এবার পরিবার পরিকল্পনা শুরু করেছেন। কিন্তু প্রতিবারই সেসব জল্পনা ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু এবার কোনো সুযোগ দেননি সোনম, নিজেই সুসংবাদ জানিয়ে দিয়েছেন। ই-টাইমস জানিয়েছে, সোনমের বাবা অনিল কাপুর, মা সুনীতা, ভাই হর্ষ, বোন রেহা ইতিমধ্যে সোনমের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা উদ্যাপন করেছেন। সোনমকে শেষ দেখা যায় ‘দ্য জয়া ফ্যাক্টর’ ও ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে।