যেসব ই-কমার্স প্রতিষ্ঠানে ক্রয় আদেশ দিয়ে গ্রাহকেরা পণ্য পাননি বা টাকা ফেরত পাননি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০ দিন পর থেকে কঠোর হবে সরকার। আইনানুগ ব্যবস্থা বা মামলা এড়াতে চাইলে এবং সরকারের সহযোগিতা চাইলে তাদের ৩১ মার্চের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।
সোমবার সচিবালয়ে দুই ই–কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকম ও আলিফ ওয়ার্ল্ডের পেমেন্ট গেটওয়েতে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান এ কথা বলেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ ডটকমের ১১ জন গ্রাহককে ১৭ লাখ টাকা ও আলিফ ওয়ার্ল্ডের ২১ জন গ্রাহককে ২৬ লাখ টাকা ফেরত দেওয়া হয়। গ্রাহক ও ই–কমার্স প্রতিষ্ঠানের বাইরে তৃতীয় পক্ষ, অর্থাৎ অর্থ পরিশোধ সেবাদানকারী (পেমেন্ট গেটওয়ে) প্রতিষ্ঠানগুলোতে এসব টাকা আটকে ছিল।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪টি ই–কমার্স প্রতিষ্ঠানের মালিকপক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১০টি মামলা রয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ক্রয় আদেশ দেওয়ার পর বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে আছে প্রায় ৫০০ কোটি টাকা।