তিন মাসের ব্যবধানে ভারতে আবারও বেড়েছে জ্বালানির দাম। সোমবার মধ্যরাত থেকে দেশটিতে পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ১০৫.৫১ রুপি। ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হয়েছে ৯০.৬২ রুপি। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৫০ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৯৭৬ রুপি।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার ওপরে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দাম উঠেছিল ১৩৯ ডলার। স্বভাবতই বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ হিসেবে ভারতের উদ্বেগ বাড়ে।
বিশেষেজ্ঞরা ধরে নিয়েছিলেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই জ্বালানির দাম বাড়ানোর পথে হাঁটবে কেন্দ্র। অবশেষে সেই পথেই হেঁটেছে নরেন্দ্র মোদি সরকার।
রবিবার শিল্পক্ষেত্রে ডিজেলের দাম এক ধাক্কায় লিটারে ২৫ রুপি বৃদ্ধি পায়। কিন্তু পেট্রল পাম্পে ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। রবিবার রাজধানী দিল্লিতে পেট্রল পাম্পে এক লিটার ডিজেল ছিল ৮৬.৬৭ রুপি। তবে শিল্পক্ষেত্রে এক লিটার ডিজেলের দাম ১১৫ রুপি। মুম্বাইয়ে হয় ১২২.০৫ রুপি।