একুশে পদক প্রাপ্তিতে কবি কামাল চৌধুরীকে চৌদ্দগ্রামে সংবর্ধনা

গৌরবজনক রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক’ পাওয়ায় কুমিল্লার চৌদ্দগ্রামে কবি কামাল চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং কুমিল্লা দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব।

বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর লেখার মাধ্যমে যে কজন প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে কবি কামাল চৌধুরী অন্যতম। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে এ নিয়ে কবিতা লিখে প্রতিবাদ করেছিলেন তিনি। কবিতা ও কথা সাহিত্যে তিনি অনেক অবদান রেখেছেন। এ জন্য সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত পুরস্কার একুশে পদক দিয়ে তাকে সম্মানিত করেছে। তার কবিতা বাংলা সাহিত্যে চির স্মরণীয় হয়ে থাকবে।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক মুখ্যসচিব ও জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদ্‌যাপন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ্ আল মাসুদ, মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এইচ আর হারুনুর রশিদ, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সালাম, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থনীতি) মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন, এফবিসিসিআই পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ. লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, চৌদ্দগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ শীব প্রসাদ দাসগুপ্ত, চিওড়া সরকারী কলেজের অধ্যক্ষ আবু নাছের খাঁন, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, হাজী জানে আলম ভূঁইয়া, বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের আইসিটি ভবন নির্মাণকাজের ভার্চুয়ালী উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ আগত অতিথিরা।