ঋণ শোধ করতে না পেরে ফাঁস নিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

চট্টগ্রামের সীতাকুন্ডে ঋণের দায়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মো. হাসান (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামে নিজ বাড়ির পেছন থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান ভ্যানে করে দোকানে-দোকানে মালামাল বিক্রি করতেন। তিনি ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাসান। এরপর আর ঘরে ফেরেননি। সকাল ৬টার দিকে বাড়ির লোকেরা পুকুরপাড়ে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, ঋণ নিয়ে ব্যবসা করতেন হাসান। চলতি বছরের শুরুতে সেমিপাকা ঘর তৈরি করেন। ফলে ঋণে জর্জরিত হয়ে পড়েন তিনি। কিস্তির টাকা পরিশোধের জন্য এনজিওকর্মীদের চাপাচাপির কারণেই তিনি আত্মহত্যা করেন।

সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ পরিবারের বরাত দিয়ে বলেন, ‘অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’