বৈদেশিক মুদ্রার সংকটের সঙ্গে লড়াই করছে শ্রীলঙ্কা। মুদ্রার ক্রমবর্ধমান অবমূল্যায়নের ফলে খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো প্রয়োজনীয় দ্রব্যের আমদানি নিয়ে বেশ সমস্যায় পড়েছে দেশটিতে। এমন পরিস্থিতিতে পেট্রোল পাম্পে বিক্ষুব্ধ জনতাকে সামলাতে সেনা মোতায়েন করেছে শ্রীলঙ্কা সরকার।
ভয়েস অব আমেরিকা জানায়, ভারত মহাসাগরীয় দেশটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় এবং জ্বালানি ঘাটতির কারণে ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ সামলানো কঠিন হয়ে পড়েছে।
জ্বালানি বিতরণে সহায়তা করার জন্য মঙ্গলবার কয়েকশ’ রাষ্ট্র পরিচালিত পেট্রল স্টেশনে সৈন্য মোতায়েন করতে বাধ্য হয়েছে দেশটির সরকার।
পেট্রোল পাম্প এবং কেরোসিন সরবরাহ পয়েন্টের কাছে দীর্ঘ লাইনে অপেক্ষা করার সময় তিনজন বয়স্ক লোক মারা যাওয়ার পর সেনা মোতায়েন করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সরকারের মুখপাত্র রমেশ পাথিরানা বলেছেন, ‘জনগণকে সাহায্য করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তাদের মানবাধিকার খর্ব করার জন্য নয়।’
শ্রীলঙ্কায় ডলারের দাম দ্রুত বৃদ্ধির ফলে গুরুত্বপূর্ণ আমদানির অর্থ পরিশোধের জন্য দেশটিকে সংগ্রাম করতে হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত দুই বছরে ৭০ শতাংশ কমে ২৩১ কোটি ডলারে নেমে এসেছে।
শ্রীলঙ্কাকে এই বছর প্রায় ৪০০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে, যার মধ্যে রয়েছে ১০০ কোটি ডলারের আন্তর্জাতিক সার্বভৌম বন্ড, যেটা জুলাই মাসে পরিশোধের কথা।
ইতিমধ্যে এই অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে শ্রীলঙ্কা।