টাইগারদের বোলিং তোপে কাঁপছে প্রোটিয়ারা

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক মাঠটা বাংলাদেশের জন্য সৌভাগ্যের বলতে হবে। এ মাঠেই সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে যা বাংলাদেশের প্রথম জয়।

সেই একই মাঠে বুধবার সিরিজ জয়ের মিশনে নেমে স্বাগতিকদের চেপে ধরেছে টাইগাররা। সফরকারীদের বোলিং তোপে রীতিমতো কাঁপছে দক্ষিণ আফ্রিকা দল।

কুইন্টন ডি কককে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজ উইকেট উৎসব শুরু করেছিলেন। এরপর তাসকিন আহমেদের জোড়া আঘাত। পরে সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম যোগ দিলেন উইকেট উৎসবে। তাতে বিনা উইকেটে ৪৬ রান থেকে ৫ উইকেটে ৮৩ রানে পরিণত হলো প্রোটিয়ারা।

এই প্রতিবেদন লেখার সময় ২৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১৫/৬। মিলার ১৪ ও কেশভ মহারাজ ২ রানে ব্যাট করছিলেন।

এ মাঠে সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ জিতেছিল ৩৮ রানে। পরে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে তিন ম্যাচ সিরিজে ফিরে ১-১ সমতা। চলমান ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী।

দিবারাত্রির ম্যাচটিতে টস জিতে দক্ষিণ আফ্রিকা দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি কক শুরুটা বেশ ভালো করেছিলেন। উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেন তারা।

সপ্তম ওভারের পঞ্চম বলে ডি কককে ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। ৮ বলে ১২ রান করা ডি কক মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ হন মাহমুদউল্লাহর হাতে।

১৩তম ওভারে কাইল ভেরেইনকে নিজের প্রথম শিকার বানান তাসকিন। ১৬ বলে ৯ রান করা ভেরেন বোল্ড হন। নিজের পরের ওভারে (১৫তম ওভার) জানেমান মালানকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাসকিন। ৫৬ বলে ৩৯ রান করে থামতে হয় ডানহাতি ওপেনারকে।

১৬তম ওভারে সাকিব প্রথম আঘাত হানেন। এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন তেম্বা বাভুমাকে। ১১ বলে ২ রান করেন প্রোটিয়া অধিনায়ক। ১৯তম ওভারে রাসি ভন ডার ডুসেনকে ফেরান শরিফুল। প্রোটিয়ারা ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। ১০ বলে ৪ রান করেন ডুসেন।

ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন ডেভিড মিলান ও ডোয়াইন প্রিটোরিয়াস। কিন্তু প্রিটোরিয়াসকে নিজের তৃতীয় শিকার বানিয়েছেন তাসকিন। ২৯ বলে ২০ রান করে উইকেটের পেছনে ক্যাচ হয়েছেন প্রিটোরিয়াস। ১০৭ রানে ৬ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।