সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাবের ঘাটতি নেই বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি বলেছেন, ‘বিজিবি-বিএসএফের পতাকা থেকে শুরু করে প্রত্যেকটি উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্তে বাংলাদেশি হত্যা নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ এ হত্যা শূন্যে নামিয়ে আনতে চায় এবং পরস্পরের সঙ্গে কাজ করছে।’
গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের বিজিবির আইসিপি ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সাকিল আহমেদ।
বিএসএফের বাধায় আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভবনের নির্মাণকাজ বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক যেসব নিয়মকানুন আছে, তা দুই দেশকেই মানতে হবে। নিয়ম মেনেই আমরা ভবনের নির্মাণকাজ শুরু করব। এ বিষয়ে উচ্চপর্যায়ে চিঠি চালাচালি চলছে। শিগগিরই সমস্যার সমাধান হবে।’