২টায় ছুটির নির্দেশনা, ১১টায় বিদ্যালয় ছুটি দিয়ে বাসায় শিক্ষকরা

নেত্রকোনার মোহনগঞ্জে শিক্ষামন্ত্রী আসবেন বলে এলাকার সব বিদ্যালয় ২টার পরে ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু টেংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বেলা ১১টার দিকে ছুটি দিয়ে বাসায় চলে যান শিক্ষকরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের পাওয়া যায়নি। এর কিছুক্ষণ আগেই বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষকরা বাসায় চলে যান বলে জানা গেছে। এ সময় বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতেও দেখা যায়নি। এমনকি বিদ্যালয়টিতে কোনো সাইনবোর্ডও নেই।

উপজেলার আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আড়াইটার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে সাড়ে চারটার দিকে 'বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় দুপুর আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা অফিস।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, টেংগাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ মোট চারজন শিক্ষক রয়েছে এ বিদ্যালয়ে। বিদ্যালয়ের ভবনটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এটি ভেঙে ফেলায় করোনা পরবর্তী সময়ে পাশের একটি তিন কক্ষের টিনের ঘর ভাড়া নিয়ে এতে পাঠদান করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুমা আক্তার বলেন, ‘এই বিদ্যালয়ের কোনো ভবন নেই। একটি টিনের ঘরের কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে পাঠদান চলছে। এখানে পড়াশোনার মতো পরিবেশ নেই। এর ভাড়াও আমরা নিজেরা মিলে দেই। শিক্ষা অফিসে বারবার এ বিষয়ে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি। পাঠদান যে চালিয়ে যাচ্ছি এটাই অনেক। আমাদের সমস্যা নিয়ে প্রতিবেদন লিখুন। এতে আমরা উপকৃত হবো।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা দিপালী সরকার বলেন, শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্য আজ আড়াইটা পর্যন্ত বিদ্যালয় খোলা রাখতে বলা হয়েছে। তবে বেলা ১১টায় ছুটি দিয়ে দেওয়া ঠিক হয়নি। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবাইদুল্লাহ জানান, মন্ত্রী আসবেন বলে বিদ্যালয় ২টার পরে ছুটি দেওয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু ১১টায় ছুটির বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।