কামিন্সের তোপে বিপদে পাকিস্তান, লড়ছেন বাবর আজম

লাহোর টেস্টের শেষদিনে বিপদে পড়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫১ রান তাড়া করতে নেমে ইতোমধ্যে টপ-অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা।

ম্যাচ বাঁচাতে একাই লড়ছেন বাবর আজম। অধিনায়কের ব্যাটে ভর করে করাচি টেস্ট বাঁচিয়েছিল পাকিস্তান। সেবার দ্বিতীয় ইনিংসে ৪ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি বঞ্চিত হলেও হাঁফ ছেড়ে বেঁচেছিল স্বাগতিকেরা।

এবারও ম্যাচ বাঁচাতে হলে তেমন আরেকটি জাদুকরি ইনিংস খেলতে হবে বাবরকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাহোর টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯০ রান করেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের দরকার আরও ১৬১ রান। চলছে পঞ্চম ও শেষদিনের দ্বিতীয় সেশন।

বিনা উইকেটে ৭৩ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। কিন্তু তার সঙ্গে মাত্র ৪ রান জমা পড়তেই ভাঙে তাদের ওপেনিং জুটি। বিদায় নেন আব্দুল্লাহ শফিক (২৭)। আজহার আলীকে (১৭) বেশিক্ষণ দাঁড়াতে দেননি নাথান লায়ন।

অজি স্পিনার দলকে বড় ব্রেক-থ্রুটা এনে দেন ইমাম-উল-হককে ফিরিয়ে। একপ্রান্ত আগলে রাখা পাকিস্তানি ওপেনার ১৯৯ বলে ৭০ রান বিদায় নেন। এরপর প্যাট কামিন্সের ধাক্কা। দলীয় ১৬৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ফাওয়াদ আলম (১১)। স্কোরবোর্ডে আর দুই রান জমা পড়তেই অজি পেসারের একই ফাঁদে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান (০)।

আচমকা মিডল-অর্ডারের দুই নির্ভরযোগ্য ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। তবে সাজিদ খানকে (৮) নিয়ে সেই বিপদ সামাল দেওয়ার চেষ্টা করে ম্যাচ বাঁচাতে চেষ্টা করছেন বাবর (৪৬)।

লাহোর টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৯১ রান। ৩ উইকেটে ২২৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ২৬৮ রানে।

লাহোর টেস্ট জিতলে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেবে অস্ট্রেলিয়া। এর আগে রাওয়ালপিন্ডি ও করাচি টেস্ট ড্র হয়।