বৃষ্টিতে ভেস্তে গেল কিউই-ডাচদের ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ

নেপিয়ারে অবিরাম বৃষ্টিতে ভেস্তে গেল নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডসের ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজে মাত্র এক ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা দু’দলের।

তবে বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়িয়ে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ম্যাচ শুরুর আগেই বৃষ্টি নামে। আশা ছিল, বৃষ্টি থামলে খেলা হবে। কিন্তু টস হওয়ার পরপরই ফের বৃষ্টি। এরপরে প্রায় দেড় ঘণ্টা ধরে গ্রাউন্ডসম্যানরা চেষ্টা করলেও ম্যাচটি শুরু করা যায়নি। শেষ পর্যন্ত টানা বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করতে হয়।

২০২০ সালের জুনে একমাত্র টি-টোয়েন্টি খেলতে নেদারল্যান্ডস সফর যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু করোনা মহামারির কারণে সফরটি বাতিল করতে হয়। এরপর প্রায় দুই বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি খেলতে যায় নেদারল্যান্ডস। কিন্তু কিউইদের বিপক্ষে সীমিত ওভারের এই ক্রিকেট খেলার অভিজ্ঞতা ডাচদের নিতে দিল না বৃষ্টি।

২৯ মার্চ থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ হবে বে ওভালে। পরের দুটি ওয়ানডে হবে হ্যামিল্টনে, ২ ও ৪ এপ্রিল।

প্রায় ২৬ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার সুযোগ পেল নেদারল্যান্ডস। এখন পর্যন্ত মাত্র দু’দল ৫০ ওভারের ম্যাচ খেলেছে মাত্র একটি। ১৯৯৬ সালের এই ম্যাচে জিতেছিল কিউইরা।