শহীদ মিনার থেকে ফেরার পথে ছাত্রদল নেতাকে ‘কোপাল ছাত্রলীগ’

ঝালকাঠিতে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রদল নেতা কর্মীদের ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে।

শনিবার সকাল সাতটার দিকে জেলার রাজাপুর উপজেলা শহরের স্কুল মার্কেট এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

এ সময় ছাত্রলীগ কর্মীরা রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে কুপিয়ে আহত করে। হামলায় আরো ৮ থেকে ১০ জন ছাত্রদলকর্মী আহত হন বলে জানা গেছে।

আহত কিরণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল নেতারা জানান, স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ার পর ছাত্রদল নেতা-কর্মীরা মিছিল নিয়ে ফিরে আসার সময় স্কুল মার্কেট এলাকায় আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার ঘটনা অস্বীকার করে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা ব্যস্ত ছিল। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছে। এ ব্যাপারে পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি।

অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।