মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির আলোচনা সভা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলী লাঞ্ছিত হয়েছেন। এ ছাড়া জামির্ত্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিব আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে সিংগাইর পৌর বাজারের কৃষি ব্যাংক সংলগ্ন চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সভা করতে গেলে এ সংঘর্ষ বাধে।
সংঘর্ষে জামির্ত্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্যসচিব আশরাফ উদ্দিন ও ছাত্রদলকর্মী স্বাধীন আহত হয়েছেন বলে সিংগাইর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন দাবি করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, আমাদের দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবসে অনুষ্ঠানের দলীয় কর্মসূচি পালন করতে গেলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের লোকজন এসে অতর্কিত হামলা করে। এ সময় বিএনপির ৩ জন আহত হন।
আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর; তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।
তবে, বিএনপির অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহীনুর রহমান বলেন, যুবদল ও ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলা আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।