পাকিস্তানের হারে অস্ট্রেলিয়াকে টুপি খোলা সম্মান শোয়েব আখতারের

২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডি ও করাচি টেস্ট ড্র হলেও লাহোর টেস্টে ১১৫ রানে হারে বাবর আজমের দল।

ঘরের মাটিতে পাকিস্তানের এমন হারে ক্ষুব্ধ দেশটির অনেক সাবেক ক্রিকেটার। এর মধ্যে আছেন শোয়েব আখতারও। নিজের ইউটিউব চ্যানেলে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ জানান, খুবই হতাশাজনক সিরিজ। পিসিবি ও খেলোয়াড়েরা জয়ের জন্য খেলেনি। অস্ট্রেলিয়া অসাধারণ খেলেছে। তাদের তাদের জন্য টুপি খোলা সম্মান।

লাহোর টেস্টের রোমাঞ্চকর শেষদিনে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে নিজেদের অসহায়ত্ব দেখায় পাকিস্তানি ব্যাটাররা। ৩৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৩৫ রানে অলআউট হয়ে যায় তারা। ম্যাচের সঙ্গে সিরিজও হারে বাবর দল।

পুরো সিরিজে কোনো ম্যাচেই পাকিস্তান জয়ের জন্য খেলেনি মনে করেন শোয়েব আকতার। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় এই সাবেক পেসার বলেন, ‘খুবই হতাশাজনক সিরিজ, একদম নির্বোধের মতো খেলা। পিসিবি এবং টিম ম্যানেজমেন্ট উভয়ই সিরিজ ড্র করার কথা ভেবেছে। তারা জিততে চায়নি, প্রতিপক্ষকেও জিততে দেবে না। ড্র দিয়েই সিরিজ শেষ করে দেওয়া যাক।’

নিজের দেশ হারলেও সিরিজ জয়ী অজিদের প্রশংসায় ভাসিয়েছেন শোয়েব। তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য টুপি খোলা সম্মান। তারা জয় পাওয়ায় আমি সত্যিই অনেক খুশি। এটি তাদের ঘরের মাঠ নয়। দলের কোনো খেলোয়াড় আগে পাকিস্তানে খেলেনি। তারা এখানে এসে সাহসী ক্রিকেট খেলেছে।’