সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়ার ভ্যান চালক আব্দুস সালামের বাড়ি থেকে রবিবার সকালে চাল ব্যবসায়ী হোসেন আলীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার পিঠ ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত হোসেন আলী সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গোপালপুর গ্রামের ফজর আলীর ছেলে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই ভ্যান চালক আব্দুস সালামের স্ত্রী রুবি খাতুন (৪৫), মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুনকে (২৩) আটক করেছে। ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছেন।
এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত হোসেন আলী পেশায় চাল বিক্রেতা ও ভ্যান চালক। রবিবার সকালে আব্দুস সালামের শয়নকক্ষে হোসেন আলীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কাজিপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য ভ্যান চালক সালামের স্ত্রী ও দুই মেয়েকে আটক করেছে।
এ বিষয়ে কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
‘নিহতের মুখে ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া এ ঘটনাস্থল থেকে একটি চাকু জব্দ করা হয়েছে।’