মাদারীপুরের শিবচরে ফেসবুকে স্টাটাস দিয়ে সুমন চৌকিদার(১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
রবিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় একটি দোকান থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কে বাধা দেয়ায় অভিমান করে আত্মহত্যা করে কিশোর সুমন। ফেসবুকে সে তার বাবাকে দায়ী করে স্টাটাস দিয়েছে।
নিহত সুমন চৌকিদার কুতুবপুর এলাকার আলেপ চৌকিদারের ছেলে। সে সাহেববাজারের দুলাল বেপারীর মালিকানাধীন মার্কেটের লাবিব হাসান ইলেকট্রনিক্সের দোকানের কর্মচারী ছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন জানান, দুপুরে ছেলেটির লাশ উদ্ধার করা হয়ে। প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত সুমনের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। যা নিয়ে বাবা একটু শাসন করেছিল। এর জেরে বাবার ওপর অভিমান করে ফেসবুকে স্টাটাস দিয়ে সে আত্মহত্যা করে। আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি এবং লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরো জানান, এ ঘটনায় সন্ধ্যার দিকে ছেলেটির বাবা আলেপ হোসেন বাদী হয়ে শিবচর থানায় একটি অপমৃত্যুর মামলার জন্য আবেদন করেন।