ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারিয়েছেন গৃহবধূ জোসি আক্তার (২১)। গতকাল রবিবার দুপুরে সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসি জেলার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাতারপাড়া গ্রামের মো. গালিবের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্বামী গালিব ও তার স্ত্রী জোসি ঢাকায় যাচ্ছিলেন। পথে নীমতলা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের চাকার সঙ্গে লেগে জোসির ওড়না গলায় পেঁচিয়ে গেলে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
হাষাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহাররুল সোহাগ বলেন, মোটরসাইকেলটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।