চেয়ারম্যানের নাক ফাটালেন প্রকৌশলী

কক্সবাজারের পেকুয়ায় ঘুষি মেরে নজরুল ইসলাম সিকদার বাবুল (৫০) নামে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাক ফাটানোর অভিযোগ উঠেছে এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবদুল আলীমের বিরুদ্ধে।

গতকাল রবিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা বারবাকিয়া-রাজাখালী সংযোগ সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আবদুল আলীমকে ধরে মারধরের পর পুলিশে দেয়। আর বাবুলকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাবুল রাজাখালী ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান। তিনি জানান, দশেরঘোনা সড়কের সংস্কারকাজ তদারকিতে গেলে বিকেলে উপসহকারী প্রকৌশলী আবদুল আলীমের সঙ্গে তার কথা হয়। তাকে ঝুঁকিপূর্ণ সেতুর বিষয়ে আগামী সমন্বয় সভায় আলাপের অনুরোধ জানালে আবদুল আলীম তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ঘুষি মারলে নাক ফেটে যায় বলে জানান বাবুল।

এ বিষয়ে আবদুল আলীমের মোবাইল নম্বরে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা জানান, অনাকাক্সিক্ষত ঘটনার পর চট্টগ্রাম থেকে নির্বাহী প্রকৌশলী এসেছেন। পেকুয়া থানায় উভয় পক্ষ বসে বিষয়টি মীমাংসা করা হবে।