কোটালীপাড়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ ৩ জন নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টায় কোটালীপাড়ার উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের সিকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)।

নিহতদের মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ ‍লুৎফর রহমান সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ গাজী একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কভার্ডভ্যান আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে কবি সুকান্ত ম্যুরালের কাছে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রুদ্র মাহামুদ ও মুরাদ গাজী ঘটনাস্থলে নিহত যান। অপর আহত নাঈম হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।