‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে’ ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

কক্সবাজারে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিদুয়ান নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সিটি কলেজের গেটের সামনে এই ঘটনা ঘটে। রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রিদুয়ান শহরের সাহিতিক্যা পল্লির আবু ছিদ্দিকের পুত্র।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরির আঘাত করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মনিরুল গিয়াস জানান, সন্ত্রাসীরা এক কলেজছাত্রকে ছুরির আঘাত করলে মারা যান তিনি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা ৩০মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন। পরে পুলিশ গিয়ে ঘটনা শান্ত করে।