স্বামীর জন্য পালনীয় কয়েকটি সুন্নত

একজন পুরুষের জন্য ইসলামি শরিয়তের শর্তাদি মেনে ৪ বিয়ে বৈধ, এটা সবাই জানেন। কিন্তু একজন স্বামীর প্রতি স্ত্রীর জন্য আরোপিত সুন্নাহসম্মত বাকি দায়িত্বগুলো কী কী তা কি জানেন? এগুলো জানা ও সে সম্পর্কে আমল করা দরকার। এসব সুন্নতের অন্যতম হলো-

           বয়স্ক নারীকে বিয়ে করা সুন্নত।

           ডিভোর্সি নারীকে বিয়ে করা সুন্নত।

           বিধবা নারীকে বিয়ে করা সুন্নত।

           স্ত্রীর সঙ্গে রান্নার কাজে, ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে, ধোয়া-মোছার কাজে সহায়তা করা সুন্নত।

           ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে স্ত্রীকে মুখে খাবার তুলে খাওয়ানো সুন্নত।

           স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নত।

           স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নত।

           স্ত্রীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নত।

           স্ত্রীর অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং প্রয়োজনে তাকে সান্ত¡না দেওয়া সুন্নত।

           স্ত্রীর সঙ্গে খেলা করা, গল্প করা, ঘুরতে নিয়ে যাওয়া সুন্নত।

           স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নত।

           স্ত্রীকে সুন্দর নাম ধরে ডাকা সুন্নত।

           পরিবারের ব্যক্তিগত সদস্য এবং বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নত।

           স্ত্রীর পিতা-মাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নত।

           স্ত্রীর এঁটো খাবার খাওয়া সুন্নত।

           স্ত্রীর অভিমান ভাঙানো সুন্নত।

           স্ত্রীর কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করা সুন্নত।

           স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত।

অনেক পুরুষ আছেন, যারা এসব সুন্নত তার প্রথম স্ত্রীর জন্যই পালন করতে রাজি হন না বা সামর্থ্য রাখেন না কিন্তু ৪ বিয়ের সুন্নত পালন করতে তারা সদা প্রস্তুত।

সুতরাং বাকিগুলো জেনে তারপর ৪ বিয়ে করবেন, সব স্ত্রীকে আলাদা বাসস্থান, সমান অধিকার, সমান ভালোবাসা, সমান বাজার ও খরচ না দিলে কেয়ামতের ময়দানে শুয়ে শুয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হবে রবের সামনে, পারবেন তো? আবেগের সামনে পিছে জেনে এগোনো ভালো, বিয়ে কোনো ছেলেখেলার নাম নয়!

যে স্ত্রী বর্তমান আছেন, আগে তার অধিকারগুলা ভালোভাবে আদায় করুন, দুনিয়াটা জান্নাত হবে পরকালটাতেও রবের সান্নিধ্য পাবেন- ইনশাআল্লাহ।