আমাকে সব চরিত্রে মানাচ্ছে না

আগামীকাল থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হচ্ছে সাড়াজাগানো ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর দ্বিতীয় সিজন। এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড ...

ফ্যামিলি ক্রাইসিস নাটকটি ছিল ধারাবাহিক নাটকের জন্য এক পশলা বৃষ্টি। যখন বেশিরভাগ ধারাবাহিক থেকে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছিল তখন দর্শকের মনে ধরে শহরের মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে নির্মিত নাটকটি। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ দর্শকের আবেগের জায়গাগুলোকে দারুণভাবে স্পর্শ করেছিলেন। তাই দর্শকের কাছ থেকে এই নাটকের নতুন সিজনের অনেক আবদার পাচ্ছিলাম। অবশেষে আমরা সেই আবদার পূরণ করতে যাচ্ছি। আগামীকাল থেকেই পর্দায় দেখা যাবে নতুন একটি পরিবারের নতুন নতুন ক্রাইসিস। আগের নাটকের জনপ্রিয় চরিত্রগুলোর নাম একই থাকলেও এবারের গল্প ও চরিত্র একেবারেই ভিন্ন। তবে আগের সিজনের প্রধান অভিনয়শিল্পীরা এবারও কাজ করছেন। সঙ্গে যুক্ত হয়েছে নতুন শিল্পীরা। এবারের গল্পে আমি, রুনা খান আর শারিকা সাবাহ তিন বোন। আমাদের বাবা নেই। মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করছেন। আমি তার কষ্ট সবচেয়ে বেশি অনুধাবন করতে পারি। আমি চাই পরিবারের হাল ধরতে। নতুন গল্পটি দারুণ ইমোশনাল। আশা করছি এই সিজনও দর্শকের খুব পছন্দ হবে।

অনিয়মিত ...

এটি ঠিক যে আমি আগের মতো নিয়মিত কাজ করছি না। এখন শুধু হাতে থাকা ধারাবাহিকের শ্যুটিংই করছি। খ- নাটক সেভাবে করা হচ্ছে না। তাই ঈদের কাজেও আমাকে সেভাবে দেখা যাবে না। কারণ, আমার অনেকটা ওজন বেড়ে গেছে। তাই মনে হয়, সব চরিত্রে আমাকে মানাচ্ছে না। আসলে খ- নাটকগুলোতে বেশিরভাগ সময় নায়িকাকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের চরিত্রে দেখানো হয়। কিন্তু ওজন বেড়ে যাওয়ার কারণে আমার মনে হয় ওই ধরনের চরিত্রে আমাকে এখন মানাবে না। তাই কাজ কমিয়ে দিয়েছি। তাছাড়া পড়াশোনার চাপ আছে। ওজন কমানোর চেষ্টা করছি। কিন্তু আমি চাইলেই সাধারণ মানুষের মতো দ্রুত ওজন নিয়ন্ত্রণে আনতে পারব না। কারণ আমার হরমোনাল কিছু জটিলতা রয়েছে। এ কারণে আজকাল টানা কাজ করতে পারি না। মাসে ১০-১৫ দিন কাজ করলেই ক্লান্তি ভর করে। ৬ মাস ডায়েট করলে হয়তো কিছুটা ওজন কমবে। তখন আমার পুরোদমে শ্যুটিং করব।

পড়াশোনা ...

আমি এখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স করছি। সপ্তাহে তিন দিন ক্লাসে যোগ দিতে হয়। ছোটবেলা থেকেই সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল। এখন সেই বিষয়েই পড়ছি। ইচ্ছে আছে অভিনয়ের পাশাপাশি অন্য পেশায় পড়শোনাকে কাজে লাগানোর।

ইভ্যালি ইস্যু ...

গত রবিবারেই ইভ্যালি ইস্যু থেকে অফিশিয়ালি মুক্তি পেয়েছি আমি। আমাদের (শবনম ফারিয়া, তাহসান ও মিথিলা) আসলে হয়রানি করা হয়েছিল। কোনো কারণ ছাড়াই ইভ্যালির অনৈতিক কাজের সঙ্গে আমাদের নাম জড়িয়ে আইনিভাবে হেনস্তা করা হয়েছে। এখন এ নিয়ে আর বেশি কথা বলতে চাই না। তবে পুলিশ ও কোর্টের প্রতি কৃতজ্ঞতা। তারা যতদ্রুত সম্ভব আমাদের এই গ্লানি থেকে মুক্ত হতে সাহায্য করেছেন।