মাদ্রাসা থেকে ফেরার পথে প্রাণ গেল শিশুর

নোয়াখালীতে মিশুকের (থ্রি হুইলার) চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মইজদী হাউজিং এস্টেটের সেন্ট্রাল সড়কের মাকরাজ মসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সামিউল ইসলাম নাদিম (৬)। নাদিম চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে এবং জেলা শহর মাইজদীর হাউজিং ইকরা মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল।

মাদ্রাসার শিক্ষক মো. কামরুল হাসান বলেন, মাদ্রাসা ছুটির পর বড় ভাইয়ের সঙ্গে বাসায় যাচ্ছিল নাদিম। এ সময় অপরদিক থেকে দ্রুতবেগে আসা মিশুকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় আহত শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এরপর স্থানীয়রা দ্রুত তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মারা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।