শিল্পকারখানা স্থাপনে সারা দেশে খালি থাকা ৫০০টি প্লট বরাদ্দ দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
মঙ্গলবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী উদ্যোক্তারা প্লটের মূল্যের ২০ শতাংশ পরিশোধ করে তা বরাদ্দ নিতে পারবেন। বাকি টাকা এককালীন বা পাঁচ বছরে ১০টি কিস্তিতে পরিশোধ করতে হবে তাদের।
এ জন্য আগামী ৪৫ দিনের মধ্যে নিজ নিজ জেলার বিসিক শিল্পনগরী কার্যালয়ে আবেদন করতে হবে উদ্যোক্তাদের। পরে সংশ্লিষ্ট জেলার প্লট বরাদ্দ কমিটির মাধ্যমে তা নির্দিষ্ট সময়ের জন্য বরাদ্দ দেওয়া হবে। তবে বরাদ্দ পাওয়ার ১৮ মাসের মধ্যে সেখানে কারখানা স্থাপনের শর্ত দিয়েছে বিসিক।
বিসিক সূত্রে জানা গেছে, দেশের ১৭টি জেলার বিভিন্ন শিল্পনগরীতে এসব প্লট রয়েছে। এর মধ্যে শতাধিক খালি প্লট রয়েছে গোপালগঞ্জ (১৩১) ও মৌলভীবাজারে (১১৯)। চুয়াডাঙ্গায় ৫০টি, ঝালকাঠিতে ৪৩টি, বরগুনায় ৪০টি, মাদারীপুরে ৩৮টি ও খাগড়াছড়ির বিসিক শিল্পনগরীতে আছে ৩৮টি খালি প্লট। সুনামগঞ্জ ও লালমনিরহাটে ৯টি করে, মেহেরপুরে ৬টি, শরীয়তপুর ও রাঙামাটিতে ৫টি করে, ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি, পিরোজপুরের স্বরূপকাঠিতে ৩টি, পাবনা ও পঞ্চগড়ে ২টি করে এবং কক্সবাজারে ১টি প্লট খালি আছে।