৭৫’র আগস্টের পর বাংলাদেশে ফরমায়েশি ইতিহাস রচিত হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, ‘৭৫ এর আগস্টের পর বাংলাদেশে ফরমায়েশি বা স্বরচিত ইতিহাস রচিত হয়েছিল। কিন্তু স্বরচিত এ মিথ্যা ইতিহাস আজ আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে এবং বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন বাঙালির জাতির উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রতিফলিত হয়েছে। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ ও পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। 

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন এখনো পূর্ণাঙ্গরূপে বাস্তবায়িত হয়নি। আমরা তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তুলব- এ-ই হোক স্বাধীনতা দিবসে আজকের অঙ্গীকার। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ, ডুয়েট শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী বিনয় ব্যানার্জী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা, কর্মচারী সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন প্রমুখ। 

পুরকৌশল বিভাগে সহকারী অধ্যাপক রোকসানা আক্তার ও পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে গণ্যমান্য অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার(অ. দা.), শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি এবং অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণ করেন।