নেত্রকোনায় মারামারিতে কিশোর নিহত

নেত্রকোনায় দুই কিশোরের মারামারিতে এক কিশোর নিহত হয়েছে। এছাড়া ময়মনসিংহের গফরগাঁও, চট্টগ্রামের চন্দনাইশ ও মানিকগঞ্জের সিংগাইরে উদ্ধার করা হয়েছে দুই নারীসহ তিনজনের লাশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

নেত্রকোনা : দুই কিশোর শ্রমিকের কিল-ঘুষি ও ধস্তাধস্তির একপর্যায়ে ইসমাইল (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর পৌরশহরে ছোটগাড়া এলাকার আবদুল বারেকের ছেলে। অভিযুক্ত কিশোর (১৪) সদর উপজেলার হরগাতি গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার রাত ৯টার দিকে নেত্রকোনা পৌরশহরের বড়বাজারে ‘সালতি ক্যাফে ও রেস্টুরেন্টে’ এ ঘটনা ঘটে। তারা ওই রেস্টুরেন্টে কাজ করত। নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, অভিযুক্ত কিশোর পুলিশ হেফাজতে রয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ের তেঁতুলিয়া গ্রাম থেকে পারভীন আক্তার (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পারভীন ওই এলাকার লিটন মিয়ার স্ত্রী। তিনি গৃহপরিচারিকার কাজ করতেন। গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তড়িঘড়ি করে লাশ দাফনের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পারভীনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

চন্দনাইশ (চট্টগ্রাম) : চন্দনাইশের পশ্চিম বৈলতলী কালা মিয়া মাস্টারের বাড়ি এলাকা থেকে লায়লা বেগম নামে এক নারীর (৬২) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার বজল আহমদের স্ত্রী। চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার বিকেলে ওই বৃদ্ধার মৃত্যু হলেও বিষয়টি জানাজানি হয় গতকাল বুধবার সকালে।

সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরে সাগর আলী (২২) নামে বিদেশফেরত এক তরুণের লাশ ধামরাই উপজেলার দক্ষিণ সুঙ্গরচর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত সাগর সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর (লাঙ্গুলিয়া) এলাকার তাছের আলীর ছেলে। ১৬ বছর আগে অনেকটা একই রকম মৃত্যু হয়েছিল সাগরের মা খোদেজা বেগমেরও।