খুলনায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

খুলনা মহানগরীতে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে নগরীর আবু নাসের স্টেডিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী মো. আরজু-আল-চয়ন (২৮) ও মো. আলাউদ্দিন শেখ (৩০)। তাদের বাড়ি খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা এলাকায়।

খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন খান বলেন, একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান (ট্রাক) ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন আহত হন।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তাদের মৃত্যু হয়।

ঘটনার পর ওই কাভার্ডভ্যানের চালক পালিয়েছেন। তবে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।