৭৫ লাখ টাকা পুরস্কারের ই-স্পোর্টস টুর্নামেন্ট বাংলাদেশে

প্রথমবারের মতো আন্তর্জাতিক ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘এআইসি সাউথ এশিয়া কোয়ালিফায়ার্স ২০২২’ অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির হল ২-তে মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটল এরিনা গেম - এরিনা অফ ভ্যালর কেন্দ্রিক এ চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়েছে বুধবার ও শেষ হবে শুক্রবার।

৭৫ লাখ টাকা মূল্যমানের পুরস্কারের জন্য বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়া থেকে আঞ্চলিক পর্যায়ে বিজয়ী দলগুলো এই টুর্নামেন্টের ফাইনালে প্রতিযোগিতা করবে। যার সহযোগী পার্টনার হিসেবে আছে ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ।

সম্প্রতি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একটি সংবাদ সম্মেলনে এরিনা অফ ভ্যালর থেকে শরীফ সাকিব বাংলাদেশের চার দলের অধিনায়কদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং অনুষ্ঠানের বিবরণ বর্ণনা করেন।

টুর্নামেন্টটি প্রথমে ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ,  পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় অনুষ্ঠিত হয় এবং এই দেশগুলো থেকে ৮টি বিজয়ী দল  (৩০ মার্চ - ১ এপ্রিল) চুড়ান্ত প্লে-অফে অংশ গ্রহন করছে  ঢাকায়। এখানে বিজয়ী দল বিশ্ব পর্যায়ে এরিনা অফ ভ্যালর আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ লাভ করবে।

উল্লেখ্য যে, ‘এশিয়ান গেমস ২০২২’ এই বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হবে এবং ওই প্রতিযোগিতায় এরিনা অফ ভ্যালর একটি মেডেল ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।

বর্তমানে বাংলাদেশ থেকে আঞ্চলিক পর্যায়ে চারটি বিজয়ী টিম চূড়ান্ত প্লে-অফে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘ভেনোম ই-স্পোর্টস’ চ্যাম্পিয়ন টিম হিসেবে আছে ও রানার আপ ‘মারটার্স ব্রুট ফোর্স ডিমেন্টরস’। যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করা দল ‘উই ই-স্পোর্টস ওরিয়েন্টাল ফিনিক্স’ ও ‘উই ই-স্পোর্টস আরমাডা’ও অংশ নিচ্ছে চলমান ইভেন্টে।

এই টুর্নামেন্ট আলো করে আছেন মাশরাফি বিন মুর্তজা, তাহসান খান, মোহাম্মদ আশরাফুল,  মুমতাহীনা টয়া ও সৈয়দ জামান শাওনের মতো তারকারা।

এরিনা অফ ভ্যালর, বাংলাদেশের কান্ট্রি হেড কাজী আরাফাত হোসেইন বলেন, ‘সাউথ এশিয়া পর্যায়ের এত বড় একটি আন্তর্জাতিক ই-স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। এই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক এরিনা অফ ভ্যালর প্লে-অফের প্রতি বিশ্বব্যাপী গেমারদের বেশ আগ্রহ রয়েছে এবং আমরা আশা করছি যে আমরা এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে বিজয়ী যে দলগুলো আছে, তাদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারব।’

এই টুর্নামেন্টের ৭৫ লাখ টাকা পুরস্কার আঞ্চলিক পর্যায়ে জয়লাভকারী দল ও আন্তর্জাতিক চূড়ান্ত প্রতিযোগিতার বিজয়ী দলকে দেওয়া হবে। উন্মুক্ত এ ইভেন্টের বিস্তারিত জানা যাচ্ছে এরিনা অফ ভ্যালরের ফেসবুক পেজে।